Advertisement

ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতের দ্বিমুখী নীতি স্পষ্ট: খোকন তালুকদার

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতের দ্বিমুখী নীতি স্পষ্ট: খোকন তালুকদার
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি: এশিয়া পোস্ট

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই দ্বিমুখী আচরণ করে আসছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগর এলাকায় পালরদী নদীর ভাঙন রোধে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন তালুকদার বলেন, আমরা যখন ৩১ দফা কর্মসূচি ঘোষণা করি, তখন থেকেই ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু হয়। জামায়াতের আমির তখন প্রকাশ্যে ফ্যামিলি কার্ডের সমালোচনা করলেও এখন সংসদে বা সুযোগ পেলেই সবার আগে তারাই ফ্যামিলি কার্ডের জন্য অস্থির হয়ে থাকে।

তিনি আরও বলেন, জামায়াত নেতারা বাইরে এক কথা বলেন, আর ভেতরে আরেক রূপ দেখান। প্রধানমন্ত্রীকে দেখলেই নিজের এলাকার জন্য আগে ফ্যামিলি কার্ড দাবি করেন। মুখে এক আর ভেতরে আরেক—তাদের এই প্রতারণা এখন বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গেছে। বর্তমানে তাদের বিভিন্ন কর্মকাণ্ড সমাজ নষ্ট করে দিচ্ছে।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।