logo

পানিতে ভাসছিল ড্রাম, খুলতেই বেরিয়ে এলো মরদেহ

পানিতে ভাসছিল ড্রাম, খুলতেই বেরিয়ে এলো মরদেহ
ময়মনসিংহের বেগুনবাড়ি স্লুইসগেট এলাকায় পানিতে ভাসতে থাকা ড্রাম থেকে মরদেহ উদ্ধার করছেন স্থানীয়রা। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভেতর রাখা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পানিতে ভাসতে থাকা ড্রামটি উদ্ধার করে পুলিশ। পরে এর ভেতর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি বলেন, বেগুনবাড়ি স্লুইসগেট এলাকায় পানিতে একটি ড্রাম ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ড্রামের ভেতর রেখে পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।