Advertisement

রাজবাড়ীতে ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, বন্ধ রেল যোগাযোগ

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
রাজবাড়ীতে ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, বন্ধ রেল যোগাযোগ
দুর্ঘটনাকবলিত ট্রেন ও মাহিন্দ্রা। ছবি : এশিয়া পোস্ট

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত সাতজন। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে রাজবাড়ীর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী-ঢাকা রেলপথের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় ক্রসিংয়ে উঠে পড়া একটি বাস ও মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এতে যান দুটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা এশিয়া পোস্টকে জানান, রাত পৌনে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ লাইন পরিষ্কারের কাজ করছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিষয় :রাজবাড়ী