সিলেটে নতুন করে আটজনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৭০ শিশু

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় আটজনের হাম শনাক্ত হয়েছে এবং ১৭ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে ৭০ জন হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (৪ এপ্রিল) সকালে সিলেটের স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩০ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ৫ জন (যাদের মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৮ জন, সুনামগঞ্জে ৭ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন। যাদের মধ্যে ৮ জন শনাক্ত হয়েছে গতকাল।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, একজন নর্থ ইস্ট হাসপাতাল, একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একজন করে বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৪২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে একজন এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন করে, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ১২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই বছর এখন পর্যন্ত হাম বা রুবেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।