সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ইজিবাইক মালিকদের মানববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

‎সাতক্ষীরা-আশাশুনি সড়কে ইজিবাইক চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন যানবাহন মালিক সমিতির নেতারা। তারা সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

‎বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় আশাশুনি উপজেলার চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাপড়া ইজিবাইক মালিক সমিতির সভাপতি ইলিয়াস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।

আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, ইজিবাইক চালকদের পরিবার আছে। তাদের রুটি-রুজি আসে ইজিবাইক চালিয়ে। তাদের চলাচল করতে বাধা না দিয়ে আলোচনা করে সমাধান করতে হবে।

তিনি বলেন, জোর করে কোনো কিছু চাপিয়ে দিয়ে সড়কে ইজিবাইক বন্ধ করে তাদের পেটে লাথি মারার অধিকার কারও নেই। ইজিবাইক চালকদের পরিবারের কথা চিন্তা করে সুযোগ না দিলে তাদের পক্ষে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব।

বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম বলেন, যানজট নিরসনের স্বার্থে পৌর এলাকায় ইজিবাইক চলাচলে নিষেধ করেছে প্রশাসন। আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু উপজেলার সঙ্গে জেলা সদরের সড়কে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বহুবার অনুরোধ করেছি হয়রানি না করার জন্য।

তিনি আরও বলেন, বাস মালিক সমিতির লোকজন আমাদের কথা রাখছেন না। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি যদি পৌরসভার বাইরে ইজিবাইক চলাচলে বাধা দেওয়া হয় বা বন্ধ করা হয় তাহলে সড়কে বাস চলাচলে বাধা দেওয়া বা বন্ধ করে দেওয়া হবে।