নাটোরে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে চূড়ান্ত লড়াইয়ের চিত্র পরিষ্কার হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে চূড়ান্তভাবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ জন প্রার্থী।
বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) ৫ জন প্রার্থী এবং তার আগে গত ১১ জানুয়ারি আরও একজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তথ্যমতে, জোটগত রাজনীতি ও দলীয় সমঝোতার কারণে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে নাটোর-৩ আসনে জোটগত সমঝোতার কারণে জামায়াত মনোনীত প্রার্থী সাইদুর রহমান এবং খেলাফত মজলিসের টিংকু সরকার নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
রাজনৈতিক সমীকরণে নাটোর-১ আসনেও এসেছে পরিবর্তন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী এ এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে সমর্থনের ঘোষণা দেন। একই আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে মাঠ ছেড়েছেন খেলাফত মজলিসের ড. আজাবুল হক এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এ এস এম মোকাররেবুর রহমান নাসিম।
এর আগে গত ১১ জানুয়ারি নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সমর্থন জানিয়ে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন।
প্রত্যাহার প্রক্রিয়া শেষে জেলার চারটি আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে নাটোর-১ আসনে ৯ জন, নাটোর-২ আসনে ৬ জন, নাটোর-৩ আসনে ৫ জন এবং নাটোর-৪ আসনে ৫ জন।
এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হচ্ছে নির্বাচনী উৎসবের আনুষ্ঠানিকতা। আজ বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।