logo

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু

কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নিউমার্কেট এলাকায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাদ্রাসাপড়ুয়া এক শিশু নিহত হয়েছে।

রোববার (৩ মে) ১০টার দিকে দেবিদ্বার উপজেলার পৌর এলাকার আজগর আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী আজগর আলী স্কুলসংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। কিন্তু নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মোটরসাইকেলে করে বাবা ও সন্তান যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় ওই মাদ্রাসাছাত্র। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

রাব্বি নামের এক চালক জানান, রয়েল সুপার এসি বাসকে ওভারটেক করতে গেলে সামনে আরেকটি লরি আসতে দেখে ব্রেক করলে ছেলেটি নিচে পড়ে যায়। পরে আবার টান দিয়ে ছেলেকে তুলতে গেলে লরিটি চাপা দেয়। নিজের চোখের সামনে ছেলের মৃত্যু দেখে বাবার কষ্ট ছিল অসহনীয়।

আলমগীর নামের একজন অভিযোগ করে বলেন, সড়কের ওই অংশে খানাখন্দ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তার সংস্কার ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর ওই শিশুটির বাবা নিহতের মরদেহ নিয়ে ঘটনাস্থল থেকে বাড়িতে চলে যাওয়ায় তার পরিচয় জানা যায়নি।