logo
Advertisement

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযান, নকল সার ও কীটনাশক জব্দ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কেরানীগঞ্জ, ঢাকা
কেরানীগঞ্জে র‍্যাবের অভিযান, নকল সার ও কীটনাশক জব্দ
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক কারখানায় অভিযান পরিচালনা করছেন র‌্যাব ও প্রশাসনের কর্মকর্তারা। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি এবং মোড়কজাত করার দায়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ছয়টি কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার হযরতপুর এলাকায় র‌্যাব-১০, উপজেলা প্রশাসন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন কর্মকর্তাদের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, অভিযানে হযরতপুর এলাকায় জিয়াউর রহমানের কারখানায় নকল সার তৈরি ও প্যাকেটজাতকরণ এবং নিষিদ্ধ কীটনাশক উৎপাদন ও মোড়কজাতকরণের প্রমাণ পাওয়া যায়। পরে এসব অপরাধের দায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া অভিযানে আরও ছয়টি কারখানার মালামাল জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়। পরে জব্দ করা নকল সার ও কীটনাশক বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, নকল সার ও নিষিদ্ধ কীটনাশক কৃষি এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।