logo
Advertisement

অস্ত্র দেখিয়ে ছিনতাই ও মাদক কারবার, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কুমিল্লা, চট্টগ্রাম
অস্ত্র দেখিয়ে ছিনতাই ও মাদক কারবার, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯
ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৯ জন। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন ছিনতাইকারী এবং ১৪ জন মাদকসংক্রান্ত অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার পাঁচ ছিনতাইকারী হলেন নগরের আড়াইওরা খানপাড়া এলাকার মো. কামাল খানের ছেলে মো. রাকিব খান (২৬), আড়াইওরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ইমন (২৫), শাসনগাছা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে মো. সাকিব (২৬), সংরাইশ এলাকার মিলন মিয়ার ছেলে মো. নাহিদ (২২) এবং শাসনগাছা এলাকার আব্দুর সামাদের ছেলে মো. শরিফ (২৭)।

মাদকসংক্রান্ত অপরাধে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে পাঁচজনের পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন বজ্রপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রকি (১৯), গোবিন্দপুর এলাকার শহিদুল্লাহর ছেলে মো. ইয়াছিন (২৭), মুরাদনগর উপজেলার সাতমুড়া এলাকার শাহজাহানের ছেলে মো. সোহেল (২৫), নগরের অশোকতলা এলাকার আলী ইসলামের ছেলে মো. জাহিদ (২০) এবং মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া এলাকার খালেদের ছেলে মো. রবিন (২১)।

কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় ওত পেতে থেকে পথচারীদের টার্গেট করত একটি ছিনতাইকারী চক্র। সুযোগ বুঝে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাই, মাদক, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।