logo

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের, হাসপাতালে দুই শিশু

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের, হাসপাতালে দুই শিশু
তাড়াশ থানা, সিরাজগঞ্জ। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জের তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে পড়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আফরোজা খাতুন (২৭) নামে এক গৃহবধূ। এ ঘটনায় তার আট বছর বয়সী ছেলেসহ প্রতিবেশী আরেক শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির হাঁস-মুরগি শিয়ালের হাত থেকে রক্ষা করতে বৃহস্পতিবার রাতে খোঁয়াড়ের দরজায় জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন আফরোজা খাতুন। শুক্রবার বেলা ১১টার দিকে তার আট বছর বয়সী ছেলে খোঁয়াড়ের দরজা খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়। ছেলেকে বিদ্যুতের কবল থেকে বাঁচাতে গিয়ে আফরোজা খাতুনও বিদ্যুতায়িত হন। এ সময় শিশুটির সমবয়সী এক প্রতিবেশী তাদের উদ্ধারে এগিয়ে এসে বিদ্যুতায়িত হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে বাড়ির মূল সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে আফরোজা খাতুনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কলেজশিক্ষক মো. দুলাল হোসেন জানান, বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে মা ও দুই শিশু হতাহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অবহিত না করায় বিষয়টি তাদের জানা নেই।