logo

ফতুল্লায় ঝুটের ২৬টি গোডাউনে আগুন

ফতুল্লায় ঝুটের ২৬টি গোডাউনে আগুন
ফতুল্লায় ঝুটের গোডাইনে আগুন। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২৬টি ঝুটের গোডাউন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাত ২টার সময় ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগরের কাইসাবাড়ি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। পরে আগুন দ্রুত গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। পরে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গাজুড়ে থাকা ২৬টি ঝুটের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং আজ সকাল ৭টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি আরও যাচাই করা হচ্ছে।