শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিস সদস্যের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ফায়ার ঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের সদস্য সাদিকের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বিত অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১১টার নদীতে কচুরিপানা পরিষ্কারের সময় নিখোঁজ হন সাদিক।
নিহত সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামের আশরাফ উদ্দিন শেখের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের একজন দক্ষ ও প্রশিক্ষিত ডুবুরি ছিলেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেবা পুরস্কার’ অর্জন করেছিলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিতাইগঞ্জ ফায়ার ঘাটে জেটির সামনে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ চলছিল। একটি স্পিডবোটে তিন সদস্য এই দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে সামনের অংশে অবস্থান করছিলেন সাদিক। কাজ চলাকালে পাশ দিয়ে একটি জাহাজ যাওয়ার পর নদীতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হলে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশ কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে।
সাদিকের সঙ্গে দায়িত্ব পালন করা সহকর্মীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ ডুবুরি। তাদের ধারণা, পানিতে পড়ে যাওয়ার সময় কোনোভাবে মাথায় আঘাত পাওয়ায় তিনি আর নিজেকে পানির ওপর টেনে তুলতে পারেননি। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল। তিনি উদ্ধার অভিযানের অগ্রগতি তদারকি করেন এবং নিহত সদস্যের স্বজনদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান।
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বিত অভিযানের মাধ্যমে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে যাওয়ার সময় তার মাথায় বা শরীরের অন্য কোনো অংশে আঘাত লাগায় তিনি দ্রুত পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে রাত ৭টার দিকে তাকে উদ্ধার করে।
.png)





