logo

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ নেতা এহিয়ার

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ নেতা এহিয়ার

নাটোর আদালত চত্বরে পুলিশের প্রিজনভ্যান থেকে নামার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া। এ সময় তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ফিরবেন বলেও স্লোগান দেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সদর থানা থেকে এহিয়াকে আদালতে হাজির করতে নেওয়া হয়। প্রিজনভ্যান থেকে আদালত চত্বরে নামার সময় তিনি স্লোগান দেন। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কড়া পুলিশি পাহারায় এহিয়া চৌধুরীকে আদালতে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামানো এবং পরবর্তীতে তোলার সময় তিনি বেশ আগ্রাসী ভঙ্গিতে স্লোগান দিতে থাকেন। তিনি ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি বলতে থাকেন- শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে র‍্যাব এহিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে নাটোরে এনে সদর থানার মাধ্যমে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। বুধবার দুপুরে নাটোর সদর আমলি আদালতে হাজির করা হলে তাকে ছাত্র আন্দোলনে হত্যা, হামলা ও অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, নাটোর শহরের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, হামলা ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। এরমধ্যে ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন দমন এবং সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসায় সংঘটিত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোও যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এহিয়া চৌধুরীর বিরুদ্ধে শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।