logo

জুতা পায়ে বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

জুতা পায়ে বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
জুতা পায়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার ঘটনার পাঁচ দিন পর সেখানে জুতা পায়ে উঠে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী।

শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এদিকে ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চার ব্যক্তি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতা পায়ে উঠে ফুলের মালা পরিয়ে দেন। পরে ভাস্কর্যের বেদিতে ফুলের ডালি রেখে শ্রদ্ধা জানান তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কর্মসূচি শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে। তবে কর্মসূচিতে অংশ নেওয়া চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, একই ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলাজুড়ে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি এমন আচরণের প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘটনার পর জেলা প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করে।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন রাতে শহরের কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার শাহাদত হোসেনের ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সম্রাটকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, মুক্তিযুদ্ধের স্মারক ও বীরশ্রেষ্ঠর প্রতি অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের মাঝের দ্বীপে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি নির্মাণাধীন রয়েছে। ভাস্কর্যটি নিয়ে আগেও আলোচনা-সমালোচনা হয়েছে। জুতার মালা ঝোলানোর ঘটনার পর সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।