জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত পিএস আরমান উদ্দিন এবং তার ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘর দখলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা প্রবাসী আমির হোসেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান জানান, আদালত মামলাটি গ্রহণ করে সাতকানিয়া সার্কেল অফিসারকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—আরমান উদ্দিন, আরিফ উদ্দিন (৩৭), শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার আরজি অনুযায়ী, প্রবাসী আমির হোসেন ২০০৬–০৭ সালের দিকে লোহাগাড়ায় নিজের কেনা জমিতে ‘আজিজ কমপ্লেক্স’ নামে চারতলা একটি ভবন নির্মাণ করেন। ভবনের নিচতলায় ওবায়দুল নামের এক ভাড়াটিয়ার আলমারির দোকান এবং অন্য অংশে বসতঘর ভাড়া দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিন বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ভবন ও মার্কেট দখলের হুমকি দেওয়া হয়। গত ৩ এপ্রিল গভীর রাতে আরমান ফোনে পুনরায় চাঁদা দাবি করেন এবং তা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হয়। ওই রাতেই আসামিরা আজিজ কমপ্লেক্সের নিচতলায় দোকানে ঢুকে তালা ভেঙে প্রায় ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা মূল্যের স্টিলের আলমারি ও ওয়াল শোকেসসহ ক্যাশ বাক্সে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নতুন তালা ঝুলিয়ে দেয়।
পরবর্তীতে বাদী বিদেশ থেকে ফিরে গত ২০ আগস্ট বিষয়টি নিয়ে আলোচনায় বসলে আরিফ উদ্দিনসহ অন্যান্য আসামিরা আবারও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বাদীকে মারধর করেন। চাঁদা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী আমির হোসেন জানান, ঘটনার পর তিনি লোহাগাড়া থানায় গিয়ে অভিযোগ করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। ফলে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।
মামলার তদন্তের বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, আদালতের আদেশের নথিপত্র হাতে পেলে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযুক্ত আরমান উদ্দিন বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



