logo

বিড়ি খাওয়ার বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বাড়ছে : ফয়জুল হক 

বিড়ি খাওয়ার বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বাড়ছে : ফয়জুল হক 

বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়াতে জামায়াতের ২ কোটি ভোট বাড়ছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দলটির কার্যালয়ে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. ফয়জুল হক বলেন, ফেসবুক ব্যবহার থেকে সতর্ক থাকবেন আর ঝালকাঠি-১ আসন নিয়ে রাশি এমনি আমাগো ভালো, যা করি ওইডাই ভাইরাল, জেডা বলমু ওইডাই সমস্যা। সেদিন বিড়ি খাওয়ার বক্তব্যে দেওয়াতে জামায়াতের ২ কোটি ভোট বাড়ছে। কারণ এই দেশের বিড়ি খাওয়া মানুষরাও আমাদের ভোট দেবে না? দাঁড়ি কামাইন্না মানুষরা আমাদের ভোট দেবে না? ইসলামওয়ালা মানুষরা দেবে না? বক্তব্যটাকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমি বলেছি চায়ের দোকানে গেলে আমার কর্মীরা চা খাওয়া অবস্থায়ও দাঁড়িপাল্লার দাওয়াত দিবে। আর আমার কর্মীরা যদি কেউ বিড়ি খায়, সেই অবস্থায়ও জামায়াতে ইসলামীর দাওয়াত দেবে। দিলে কী হবে ওই বিড়ি খাওয়ার সংস্কৃতি থেকে আল্লাহতায়ালা তারে বের করে ভালো করতে পারে, হেডারে বানিয়েছে জান্নাত-জাহান্নাম। এটা আমাদের রাশি সমস্যা না। তারা ২ কোটি টাকার মার্কেটিং করে দিছে। মিতু আপু ২ মিনিট বক্তব্য দিছে ওটাই ভাইরাল। আমরা যা করি, যা বলি ওটাই ভাইরাল। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া গিফট। আপনারা এই জিনিসটাকে নিজেদের মধ্যে রাখবেন।

জামায়াতে ইসলামীর এই প্রার্থী বলেন, এই দেশে স্মার্ট রাষ্ট্র ব্যবস্থা জামায়াতে ইসলাম প্রতিষ্ঠা করে দেখাই দিবে ইনশাল্লাহ। কাঁঠালিয়ার মানুষ মদিনার মানুষ। আপনারা আমাকে যে আদর-আপ্যায়ন ভালোবাসা দিয়েছেন সেটা আমাকে সত্যি আবেগাপ্লুত করে। আমাদের ১০ দলীয় জোট এক থাকতে হবে। আমাদের ভুল হলে আমরা ঘরে বসেই শিখব কিন্তু ফেসবুক বা রাস্তাঘাটে কোনো প্রতিদ্বন্দ্বী বন্ধুর বিরোধিতা করতে যাব না ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন। 

ড. ফয়জুল হক বলেন, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। কাঁঠালিয়া উপজেলা ঘুরে আমি যতটুকু দেখছি তাতে বুঝেছি কাঁঠালিয়ার মানুষ ১২ তারিখের অপেক্ষায়। সবাই বলে আমরা ওইডা দেখছি, হেইডা দেখছি, এহন দেখতে চাই দাঁড়িপাল্লা। আমরা এখন দাঁড়িপাল্লা বিজয় করার আগ পর্যন্ত ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। 

তিনি আরও বলেন, আমরা যারা যুবকরা আছি সবাই একই এবং সবার ভাষা আমরা একে অপরে বুঝি। আপনারা যারা মুরুব্বিরা আছেন একটু সাবধান হইয়া আমাগো লগে থাকেন একসঙ্গে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ। আর সর্বশেষ কথা খেলা এখনো শেষ হয় নেই। রাজাপুর কাঁঠালিয়ায় শুধু এমপিই হবে না, বহুকিছু হবে। আর সেটার পার্ট আমাদের মিতু আপুও হবে।