logo

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়ি-ঘরে আগুন

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়ি-ঘরে আগুন

নরসিংদীর মাধবদীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে যুবকের স্বজনরা প্রতিপক্ষের চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদী পৌরসভার খরমুদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (২২)। তিনি ওই এলাকার মাহতাব মিয়ার ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজ্জাদের সঙ্গে একই এলাকার ফারজানা আক্তারের (১৭) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটি প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলে পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনে। এরপর রোববার সকালে ফারজানা আবারও প্রেমিকের কাছে গেলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ফারজানার ভাই ও চাচাসহ কয়েকজন সাজ্জাদকে মসজিদের পাশে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর তারা পালিয়ে যায়। এর পরপরই সাজ্জাদের স্বজনরা প্রতিশোধ হিসেবে ফারজানার বাড়ি, তার চাচা ও ফুপুর বাড়িসহ মোট চারটি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেলেও স্থানীয় লোকজনের বাঁধায় অগ্নি নির্বাপন কাজে অংশ নিতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। এরই জেরে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।