অকেজো ৭ কোটি টাকার সেতু পরিদর্শনে আসছেন প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর কাচরার খালের ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ সেতুটি দীর্ঘ দেড় বছর ধরে অকেজো পড়ে থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটির নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজেই আসছে না।
এই অচল অবস্থা নিরসন ও প্রকল্পের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার (২৫ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
স্থানীয় সূত্র জানায়, শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকায় খালের ওপর এই বৃহৎ সেতুটি নির্মাণের ফলে কয়েক হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে নতুন দিগন্ত উন্মোচনের কথা ছিল। কিন্তু কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় এবং সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় ধরে এই স্থবিরতার কারণে স্থানীয় কৃষিপণ্য পরিবহনে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হচ্ছে, যা নিয়ে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের।
প্রতিমন্ত্রীর এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে থমকে থাকা সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু হওয়ার এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিনের ভোগান্তি অবসানের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।