Advertisement

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। ছবি : এশিয়া পোস্ট

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় সেপটিক ট্যাংক নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান (৩৫) যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সেপটিক ট্যাংকের দেয়াল গাঁথুনির সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এতে আতিয়ার ও নয়ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আতিয়ারের মরদেহ উদ্ধার করে। আহত নয়ন নামে অন্য শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। তবে বৃষ্টি ও উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় :বাগেরহাট