হজ ক্যাম্প থেকে ২২ হাজার রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার দুই

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর সৌদি রিয়াল চুরির ঘটনায় রহস্য উদঘাটন করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও মো. নাদিম।
এদিন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে এক যাত্রীর প্রায় ২২ হাজার সৌদি রিয়াল (প্রায় ৮ লাখ টাকা) চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। তদন্তের ধারাবাহিকতায় মতলব এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
খিলক্ষেত এলাকা থেকে হাবিবুর রহমানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে গ্রেপ্তার হয়।
গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫০০ রিয়ালের ৩৫টি নোটসহ মোট ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এ ছাড়া চুরি যাওয়া অর্থের একটি অংশ ভাঙিয়ে নেওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিভিন্ন ইউনিটের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।