logo

১৭ বছরের ‘মাফিয়াতন্ত্রের’ খেসারত দিচ্ছে জনগণ: নাছির

১৭ বছরের ‘মাফিয়াতন্ত্রের’ খেসারত দিচ্ছে জনগণ: নাছির

বিগত ১৭ বছর ধরে গণতন্ত্রের নামে নোয়াখালীতে একটি ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, বর্তমানে পুরো জেলাকে এর খেসারত দিতে হচ্ছে। 

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

নাছির উদ্দিন নাছির বলেন, দক্ষিণাঞ্চলে নদীভাঙন এখন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন বিঘার পর বিঘা জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। কৃষি জমিতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গভীর নলকূপ বসিয়েও সুবর্ণচরে পানি পাওয়া যাচ্ছে না। ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে গেছে যে, আগামীতে সুপেয় পানির অভাব দেখা দিতে পারে।

নির্বাচনের পর হাতিয়ায় ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ঘটনা সত্য হলে বিচার চাই। কিন্তু যদি এটি রাজনৈতিক প্রোপাগান্ডা হয়, তবে এর পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে।

হাদি হত্যাকাণ্ডকে গণঅভ্যুত্থান পরবর্তী অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি বলেন, দিনের আলোতে এই হত্যাকাণ্ড ঘটেছে। অন্তর্বর্তী সরকার দোষীদের বিচারের আওতায় আনতে পারেনি। এটি তাদের বড় ব্যর্থতা।

নোয়াখালী জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, বেশিরভাগ মানুষ এখানে সাধারণ রোগগুলোর চিকিৎসা করাতে পারে না। 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে জানিয়ে নাছির উদ্দিন বলেন, বিগত আওয়ামী রেজিমের সময় নোবিপ্রবিতে এমন সব শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের ন্যূনতম যোগ্যতা ছিল না। আমি ব্যক্তিগতভাবে এমন একজনকে চিনি, যাকে আমরা টিউশনি জোগাড় করে দিতাম। কিন্তু অযোগ্যতার কারণে তাকে বাদ দেওয়া হতো। ৫-৬ বছর পর দেখলাম, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

 

গত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পলিসি কী ছিল, যোগ্যদের বাদ দিয়ে কাদের নেওয়া হয়েছে—এ নিয়ে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন করার অনুরোধ জানান তিনি। 

নাছির উদ্দিন বলেন, ইকোনমিক জোন ও বিমানবন্দর নোয়াখালীর জন্য প্রয়োজন। তবে এর আগে নদীভাঙন রোধ করে মানুষকে বাঁচাতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য ও অতিরিক্ত দায়িত্বে দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ ও জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।