সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি-পুত্রবধূকে পিষে মারল বাস

জামালপুরের বকশীগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ এবং এর হেলপারকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ও এর হেলপার মহিনউদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, দুর্ঘটনার ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
