logo

মুন্সীগঞ্জে গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জে গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহতের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. উয়াল শেখ (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৬টার মধ্যে সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয় জনতা সাগর (৩০) ও ছানারুল (২৪) নামে দুইজনকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় সকালে স্থানীয়রা তাদেরকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে লৌহজং থানা পুলিশসহ জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, চুরির অপবাদ দিয়ে উত্তেজনা সৃষ্টি করা হলে গণপিটুনিতে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে নিহত দুজন হাতেনাতে ধরা পড়েছে এমন কোনো তথ্য-প্রমাণ পায়নি পুলিশ।