কচুয়ায় হকারদের দখলে ফুটপাত, বিপাকে স্থায়ী ব্যবসায়ীরা

চাঁদপুরের কচুয়া উত্তর বাজারের ফুটপাত ও চলাচলের রাস্তা অবৈধ হকারদের দখলে চলে গেছে। এর ফলে লাখ লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করা স্থায়ী ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের বিক্রি বাণিজ্যে ধস নেমেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া উত্তর বাজারের পল্টন ও এর আশপাশের এলাকায় ৩০ থেকে ৪০টির অধিক অবৈধ দোকান গড়ে উঠেছে। এর মধ্যে ১০টি ফলের দোকান, ১২টি কাপড়ের দোকান এবং ৬টি চায়ের স্টলসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। রূপসী বাংলা হোটেল থেকে শুরু করে জয় ভ্যারাইটিজ স্টোর পর্যন্ত দীর্ঘ ২০০ গজের বেশি জায়গা জবরদখল করে এই ব্যবসা পরিচালনা করা হচ্ছে। বিগত ৫-৬ বছর ধরে এভাবে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে আসলেও স্থানীয় ব্যবসায়ীদের এই দুর্ভোগের কোনো সুরাহা হয়নি।
ভুক্তভোগী স্থায়ী ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ফুটপাতের ওপর এসব অবৈধ দোকান গড়ে ওঠার কারণে ক্রেতারা সহজে দোকানে প্রবেশ করতে পারছেন না। ফলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বাজারের স্থায়ী ব্যবসায়ী মানিক চন্দ্র ঘোষ আক্ষেপ করে বলেন, আমরা ১০ লাখ টাকা অগ্রিম (অ্যাডভান্স) দিয়ে দোকান নিয়েছি এবং প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা করে ভাড়া পরিশোধ করছি। অথচ দোকানের ঠিক সামনেই অবৈধভাবে হকাররা বসে আমাদের বেচাকেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। বিষয়টি দেখার যেন কেউ নেই, আমরা এর দ্রুত প্রতিকার চাই।
এদিকে ফুটপাত দখল ও ব্যবসায়ীদের সংকটের বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি দেশের বাইরে আছেন। দেশে ফিরে ব্যবসায়ীদের দাবিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদে বাজারের ব্যবসায়ী ও প্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুত এর সমাধান করা হবে।
এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, অতিদ্রুত ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন কাজ করবে। খুব শীঘ্রই সেখানে অভিযান পরিচালনা করা হবে।
