চট্টগ্রামের দুই নম্বর গেট মোড়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামের দুই নম্বর গেট মোড়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে করা আন্দোলনের দ্বিতীয় দিনে চট্টগ্রামের দুই নম্বর গেট মোড়ে জড়ো হওয়া শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে করা আন্দোলনের দ্বিতীয় দিনে চট্টগ্রামের দুই নম্বর গেট মোড়ে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে এবং বিকেল ৩টা নাগাদ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা থেকে নগরীর অন্যতম ব্যস্ত এলাকা ২ নম্বর গেট মোড়ে জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন নুসাইবা জান্নাত এশিয়া পোস্টকে বলেন, আমাদের এক দফা এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এই দাবিতেই আজ নগরীর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

এর আগে গতকাল ১৪ জুলাই থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীরা রাজপথে নামেন। গতকাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক সংকট ও নীতিনির্ধারণী ব্যর্থতার দায় শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না। গতকালের কর্মসূচির ধারাবাহিকতাতেই আজ পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী ২ নম্বর গেট এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা।

আন্দোলনকে কেন্দ্র করে ২ নম্বর গেট ও এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।