গাড়ি থামিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজার সদরের খরুলিয়ায় তিন মোটরসাইকেলে ছয়জন এসে মাইক্রোবাস থামিয়ে মাহমুদুল হক (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারের দাবি, এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার তিন ভাই ও তার সহযোগীরা জড়িত।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহমুদুল হককে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ মাহমুদুল হক কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড় এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের হাশেমিয়া মাদ্রারা এলাকায় বসবাস করেন। ওই এলাকায় ও রামুতে তার আসবাবের ব্যবসা রয়েছে।
চিকিৎসাধীন মাহমুদুল হক জানান, শুক্রবার দুপুরে বাসা থেকে মাইক্রোবাসে করে রামুর দিকে যাচ্ছিলেন তিনি। খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার মাইক্রোবাসের গতিরোধ করেন। এরপর তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
মাহমুদুল হকের ভাই জসিম উদ্দিন এই হামলার পেছনে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে দায়ী করেছেন। তার অভিযোগ, লিংকরোড এলাকার বিএনপি নেতা লিয়াকত আলীর সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর তারা এলাকা ছাড়তে বাধ্য হন। সেই বিরোধের জের ধরে লিয়াকত আলীর ভাই জায়েদ, কিতাব আলী ও ওয়াজেদ আলী এবং তাদের সহযোগী আবু নাছেরসহ ছয়জন তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছেন।
জসিম উদ্দিনের দাবি, হামলাকারীরা ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারী। হামলার সময় একজনকে স্থানীয় লোকজন আটক করলেও বিএনপি নেতা রাশেদ গিয়ে তাকে ছাড়িয়ে আনে।
অভিযোগ অস্বীকার করে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ বলেন, গুলি চালানোর ঘটনা শুনেছি। তখন আমি মসজিদের একটি বৈঠকে ছিলাম। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হবে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তার ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর গুলিবর্ষণের অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন লিয়াকত আলী।
