Advertisement

নৌকা ভ্রমণ করে মার্কিন রাষ্টদূত বললেন, বরিশাল খুব সুন্দর

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
নৌকা ভ্রমণ করে মার্কিন রাষ্টদূত বললেন, বরিশাল খুব সুন্দর
ভাসমান পেয়ারা বাজারে নৌকাভ্রমণে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও বরিশাল প্রেস ক্লাবে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। তার সঙ্গে আছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও অন্যরা। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বরিশালে প্রথমবার এসে নৌকা ভ্রমণ ও ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেছেন, বরিশাল খুব সুন্দর জায়গা। নৌকা ভ্রমণ তার ভীষণ পছন্দ।

Advertisement

রোববার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেস ক্লাবের আয়োজনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। নগরের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এটা বরিশালে আমার প্রথমবার। বরিশাল খুব সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দ। ঢাকা থেকে এসে আমি ভাসমান বাজার ভ্রমণ করেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।

বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত জানান, শহরটি খুবই সুন্দর। বরিশালের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় তারা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত ভবিষ্যতেও বারবার বরিশালে আসবেন।

অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে বরিশালের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন এই মসজিদে যান। মসজিদের ভেতরে প্রবেশ করে স্থাপত্য ও সৌন্দর্য ঘুরে দেখেন তিনি।

মিয়াবাড়ি মসজিদ পরিদর্শনের আগে মসজিদসংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।

বরিশালে আসার আগে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন। সেখানে তিনি নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের জীবনযাপন ও বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন।

বরিশাল সফরের বিভিন্ন পর্যায়ে স্থানীয় ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নদী ও নৌকাকেন্দ্রিক জীবনযাত্রা দেখার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত।

বিষয় :