প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, কিশোরী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রতিশ্রুতি ও সম্পর্কের বিরোধকে কেন্দ্র করে প্রেমিকার ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) ভোর পৌনে ৫টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। অভিযুক্ত নাঈমা জাহান (১৫) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়ামের সঙ্গে নাঈমার গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ভোরে সিয়ামের বাড়িতে অবস্থানকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাঈমা ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি, তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং গর্ভধারণ-পরবর্তী জটিলতাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান জানান, ঘটনার পর পরই অভিযুক্ত কিশোরীকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






