খাবার টেবিলে বসা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ৮

লক্ষ্মীপুর সদর উপজেলায় বিয়েবাড়িতে খাবার টেবিলে বসা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাড়ির পাশে মো. হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন, মো. সামজিদ ও মো. শাহ আলমসহ অন্তত আটজন রয়েছেন। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে হয়। পর দিন শনিবার বর পক্ষের বাড়িতে ভোজের আয়োজন করা হয়। দুপুরে কনে পক্ষের লোকজন সেখানে গেলে খাবার টেবিলে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বর পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি এবং পরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়দেব নন্দী জানান, আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।