সরকারের ওপর মানুষ বিরক্ত, শিগগিরই ঢাকামুখী লংমার্চ: নাহিদ

বর্তমান সরকারের ওপর দেশের মানুষ বিরক্ত হয়ে পড়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ছয় মাসে দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই ঢাকামুখী লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমরা রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদের গাড়ি থামাচ্ছেন, হ্যান্ডশেক করছেন এবং নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেই। অনেকে কাজ পাচ্ছেন না।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ তৈরি হয়েছে। সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন এবং ১১ দলীয় জোটের কর্মসূচিতেও ব্যাপক সাড়া দিচ্ছেন। সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলোর বাস্তবায়ন নিয়ে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, ৬ দফা দাবিতে ১১ দলীয় জোটের এই কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হতে পারে। হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব। আপনারা সেখানে যাবেন। যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা ঢাকায় এসেছি, ঠিক একইভাবে ঢাকায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।
নাহিদ ইসলামের বক্তব্যে রাজধানীকেন্দ্রিক নতুন কর্মসূচির ইঙ্গিত পাওয়া গেলেও ঢাকায় লংমার্চের নির্দিষ্ট তারিখ বা কর্মসূচির বিস্তারিত তিনি ঘোষণা করেননি।



-665f5c.jpg)