logo
Advertisement

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসে ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসে ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২
ইয়াবাসহ গ্রেপ্তার দুজন। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাসে স্বামী-স্ত্রী পরিচয়ে দুই হাজার ইয়াবা পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন দিনাজপুরের কোতোয়ালি থানার জীবনপুর এলাকার আব্দুল হামিদ ও বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা এলাকার মোছা. মৌ।

বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান।

ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল শিবগঞ্জের ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে বাংলাবান্ধাগামী শালকী সুপার পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসটির এফ-৩ ও এফ-৪ নম্বর আসনে বসে থাকা ওই দুই যাত্রী নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তাদের কাছে বাসের টিকিটও ছিল না।

তল্লাশির সময় আব্দুল হামিদের প্যান্টের পকেটে থাকা একটি খাকি খামের ভেতর থেকে পাঁচটি প্যাকেটে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একইভাবে মৌয়ের দেহ ও তার কাঁধে ঝোলানো ভ্যানিটি ব্যাগে থাকা পাঁচটি প্যাকেট থেকে আরও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ভ্যানিটি ব্যাগও জব্দ করা হয়েছে।

ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি মাদকের চালান বাসে করে পাচার করা হবে। পরে বাসটির গতিপথ অনুসরণ করে শিবগঞ্জের ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, বাসে স্বামী-স্ত্রী পরিচয়ে পাশাপাশি বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় দুজনের কাছ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।