logo

নোয়াখালীতে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

নোয়াখালীতে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন হাম রোগীরা। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ভর্তি হয়েছে আরও ৪২ জন। হাসপাতালের হাম রোগীদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১১৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন এ তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় প্রতিদিনই গড়ে হাম উপসর্গ নিয়ে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়। যাদের মধ্যে বেশির ভাগই শিশু। শনিবার বিকেল সাড়ে ৫টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ জিহাদ (৮)। ভর্তি পরবর্তী তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মাইয়ার (৬)। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাকেও প্রাথমিক চিকিৎসা প্রদান করে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে সেও মারা যায়।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।