সম্পত্তি না পেয়ে মায়ের পায়ের রগ কাটার অভিযোগ

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি জোরপূর্বক লিখে নিতে ব্যর্থ হয়ে বৃদ্ধা মায়ের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান শামীমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ধামইরহাট থানাধীন বস্তাবর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার আঞ্জুমান আরা (৬৮) ধামইরহাট থানাধীন ৩ নম্বর আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্জুমান আরার নামে থাকা কিছু সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল তার ছেলে আসাদুজ্জামান শামীম। এর ধারাবাহিকতায় গত ৭ জুন সম্পত্তি হাতিয়ে নিতে শামীম তার বৃদ্ধা মাকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এরপর গত ১৪ জুন চাকু নিয়ে মায়ের ডান পায়ের রগ কেটে দেয় শামীম। বিষয়টি ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নওগাঁর পুলিশ সুপারের নজরে আনেন।
অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ সুপারের নির্দেশনার পর গত কয়েকদিন ধরে অভিযান চালায় ধামইরহাট থানা পুলিশ। এরমধ্যে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানাধীন বস্তাবর গ্রাম থেকে আসামি আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পিতামাতার প্রতি আঘাত বা নির্যাতন করার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এমন সন্তানদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।





