দুটি মোটরসাইকেলে চার বন্ধু, ট্রাকচাপায় নিহত দুইজন

ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাদের মরদেহ থানায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন শরীয়তপুরের জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। সোলেমান কেরানীগঞ্জে ব্যবসা করতেন এবং কাওসার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশ ও নিহত কাওসারের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানান, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান ও কাওসার দুটি মোটরসাইকেলে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাদের মোটরসাইকেলটি গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক কাওসার ও সোলেমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই বন্ধুর মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





