তাবলীগ জামাত সদস্যের টাকা নিয়ে পালালেন আরেক সাথি

ঢাকার ধামরাইয়ে তাবলীগ জামাতে সফররত এক সদস্যের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই জামাতের রাজিব নামে আরেক সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার (২ আগস্ট) ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জাহিদ হাসান।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজিব রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার শেখপুর গ্রামের বাসিন্দা।
জাহিদ হাসান জানান, রাজিব নামে ওই ব্যক্তি তাদের সঙ্গে প্রথমে ৬০ দিনের সফরে সিরাজগঞ্জে ছিলেন। পরে ২০ দিনের সফরের জন্য তারা একসঙ্গে ধামরাইয়ে আসেন। গত শুক্রবার তারা ধামরাইয়ে পৌঁছান। কয়েক দিন একসঙ্গে থাকার পর শনিবার সকালে কাউকে কিছু না জানিয়ে রাজিব চলে যান।
তিনি আরও জানান, রাজিব চলে যাওয়ার সময় তার (জাহিদের) মোবাইল ফোনের সিম কার্ড নিয়ে যান। ওই সিমের সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা যুক্ত ছিল। পরে তিনি সাভারের একটি কাস্টমার কেয়ার থেকে সিমটি রিপ্লেসমেন্ট করেন। এরপর নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকে দেখেন, তার হিসাব থেকে ২ হাজার ৯৫০ টাকা সেন্ড মানি করে রাজিবের নম্বরে পাঠানো হয়েছে। পরে একই নম্বরে ৪৫ টাকা মোবাইল রিচার্জও করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, তার নগদ অ্যাকাউন্টে আগে প্রায় তিন হাজার টাকা ছিল। অ্যাকাউন্টে ঢুকে তিনি মাত্র তিন টাকা পান। লেনদেনের স্টেটমেন্টে শনিবার বিকেলে টাকা স্থানান্তরের তথ্য দেখতে পান। এ ছাড়া তার ব্যাগে থাকা প্রায় ১০ হাজার ৪০০ টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জাহিদ।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)


