স্বাস্থ্য কর্মকর্তাকে ‘জুলাইবিরোধী’ বলে কক্ষ থেকে বের করে দিলেন শিক্ষার্থীরা

‘জুলাইবিরোধী’ বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কক্ষ থেকে বের করে দিয়েছেন বরিশাল মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। পরে তারা ওই কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দেন।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহরে অবস্থিত বরিশাল স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার ডা. এস এম মনিরুজ্জামান শাহীনকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। প্রায় আধাঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা কার্যালয়ে অবস্থান করার পর তিনি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী সেখানে এসে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে দপ্তরে আসেন মনিরুজ্জামান। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিমসহ শিক্ষার্থীরা তার কক্ষে প্রবেশ করেন। তারা মনিরুজ্জামানকে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার দাবি তোলেন। পরিচালক কক্ষ ত্যাগ করতে রাজি হননি।
দীর্ঘ সময় দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে আরও শিক্ষার্থীরা আসেন। জুলাইবিরোধী আখ্যা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মনিরুজ্জামানকে কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ডা. এসএম মনিরুজ্জামান জানান, ছাত্রজীবনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ছিলেন। বর্তমানে ড্যাবের রাজনীতির সঙ্গে জড়িত। জুলাই অভ্যুত্থানের সময় পরিচালকের নির্দেশে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে বাধ্য হয়েছেন। এখন মন্ত্রণালয় যে সিদ্বান্ত নেবে, তার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।





