logo

ফুলবাড়ীতে টাকার বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ

ফুলবাড়ীতে টাকার বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ
ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নে সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আটপুকুর হাটে কাজিহাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজিহাল ইউনিয়নে ‘মেসার্স জিন্নাত সরকার’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আক্কাস আলীকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। তারা ওই নিয়োগকে অবৈধ দাবি করে তা বাতিলের আহ্বান জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে এ নিয়োগ নেওয়া হয়েছে। সার ডিলার নিয়োগ নিয়ে ওঠা অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে বর্তমান নিয়োগ বাতিল করে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে ডিলার নিয়োগের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে ৩ নম্বর কাজিহাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. তছলিম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আশরাফুল আলম, কৃষক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান এবং ফুলবাড়ী উপজেলা প্রচার দলের সহসাধারণ সম্পাদক ও কাজিহাল ইউনিয়নের ছাত্রনেতা মো. নাঈম সরকারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।