logo

হাঁটার রাস্তায় দেয়াল, মই বেয়ে চলাচল

হাঁটার রাস্তায় দেয়াল, মই বেয়ে চলাচল

গাজীপুর মহানগরীর উত্তরখাইলকুর এলাকায় দুই প্রতিবেশীর দ্বন্দ্বে দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচলের রাস্তা। ঘটনার পর বাড়িতে আসা-যাওয়ার জন্য মই বেয়ে দেয়াল পারাপার হতে হচ্ছে ভুক্তভোগীদের।

এ ঘটনায় ভুক্তভোগী তমা আক্তার গাছা থানা ও সিটি করপোরেশনের কাছে সোমবার (২৭ এপ্রিল) লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, চলাচলের রাস্তায় দেয়াল তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১০টি পরিবার ভোগান্তিতে পড়েছেন। রাস্তার জায়গা নিজের মালিকানাধীন দাবি করে বন্ধ করে দিয়েছেন প্রতিবেশী নিলু চান খান।

ভুক্তভোগী তমা আক্তার বলেন, আমার স্বামী প্রবাসী। সন্তানসহ ভাড়াটিয়াদের নিয়ে বসবাস করি। আমার প্রতিবেশী প্রথম থেকেই আমাদের সঙ্গে শত্রুতা করে রাস্তা নিয়ে ঝামেলা করে। নতুন করে দুদিন আগে ইটের গাঁথুনি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে।

আব্দুল কুদ্দুস নামে এক ভাড়াটিয়া বলেন, কালও রাস্তা খোলা ছিল। কারখানা থেকে দুপুরে ফিরে এসে দেখি রাস্তা বন্ধ। এখন মই বেয়ে বাড়িতে যেতে হচ্ছে।

অভিযুক্ত নিলু চান খান জানান, তিনি (তমা আক্তার) যখন জমি কেনেন ওই জমিতে রাস্তা উল্লেখ আছে। তবে অন্য জায়গা দিয়ে তিনি বেশি দখল করে ফেলেছেন। এখন এই জায়গাটি আমার, তাই আমি বন্ধ করে দিয়েছি। 

গাজীপুর মহানগরীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। রাস্তাটি যেন খুলে দেয় সেটি আমরা বলে দিয়ে এসেছি।