Advertisement

সুনামগঞ্জে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ ৪

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ ৪
নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবিতে চারজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।

ঘটনার পর পর স্থানীয় লোকজন নিখোঁজদের উদ্ধার করতে নৌকা নিয়ে খোঁজাখুঁজি করছেন। শরিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিখোঁজ চারজনের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী, মৃত অনিল দেব নাথের দুই ছেলে অরুণ দেবনাথ ও অধীর দেবনাথ।

পুলিশ ও স্থানীরা জানান, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন সনাতন ধর্মাবলম্বী নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও এখন পর্যন্ত চার জন নিখোঁজ রয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মইয়ার হাওরে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।