জমিতে কাজের সময় বজ্রাঘাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
জমিতে কাজের সময় বজ্রাঘাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে
বজ্রপাত। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বজ্রপাতে গোলাপ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত তার বাবা মোখলেছার রহমান হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভাটপাইল নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মোখলেছার রহমান ও তার বড় ছেলে মো. গোলাপ হোসেন সকালে জমিতে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে গোলাপ ও তার বাবা মোখলেছার রহমান আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন। মোখলেছার রহমানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মণ্ডল জানান, মোখলেছার ও তার ছেলে মো. গোলাপ হোসেন ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাত হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।