logo
Advertisement

নীলফামারীতে অবৈধভাবে মজুত ৭৭৩ বস্তা সার জব্দ

এশিয়া পোস্ট নিউজ,নীলফামারী
নীলফামারীতে অবৈধভাবে মজুত ৭৭৩ বস্তা সার জব্দ
নীলফামারীর জলঢাকায় সারের অবৈধ মজুতবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। ছবি : এশিয়া পোস্ট

নীলফামারীর জলঢাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭৭৩ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সার অবৈধ মজুতের দায়ে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বালারপুকুর স্বপনবাজার ও টেংগনমারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, বালারপুকুর স্বপনবাজারের ‘মুয়াজ এন্টারপ্রাইজ’-এর মালিক মুশফিকুর রহমান কয়েক দিন ধরে অবৈধভাবে সার মজুত করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে ৪০৯ বস্তা এমওপি ও ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে টেংগনমারী এলাকার ‘মাহফুজ ট্রেডার্স’ থেকে ১৫০ বস্তা টিএসপি, ১২০ বস্তা এমওপি, ৩৫ বস্তা ডিএপি ও ৪ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রতিষ্ঠান দুটি মূলত খুচরা সার বিক্রেতা। খুচরা বিক্রেতাদের এভাবে বিপুল পরিমাণ সার মজুত করার কোনো সুযোগ নেই। তারা অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বেশি দামে বিক্রির অপচেষ্টা করছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মোট ৭৭৩ বস্তা সার জব্দ এবং ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।