সাপে কাটার চার দিন পর যুবকের মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলায় নিজঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেওয়ার চার দিন পর সামিনুল ইসলাম শাহ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর ১টা ১৫ মিনিটে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সামিনুল ইসলাম শাহ নওগাঁর পোরশা উপজেলার বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পোরশায় নিজঘরে ঘুমিয়ে ছিলেন সামিনুল ইসলাম। একটি সাপ তার পায়ে কামড় দেয়। কামড় টের পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে স্থানীয় এক কবিরাজের বাড়িতে যান। সেখানে তাকে ঝাড়ফুঁক চিকিৎসা করানো হয়।
পরবর্তীতে বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে স্বজনরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
বুধবার সকাল ৯টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দ্রুত তাকে অ্যান্টিভেনম (সাপের কামড়ের ভ্যাকসিন) পুশ করেন। তবে ততক্ষণে বিষ শরীরে ছড়িয়ে পড়ায় তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি জ্ঞান হারান।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করেন। চার দিন পর শনিবার দুপুরে তিনি মারা যান।
