logo
Advertisement

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার দাবি

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার দাবি
সড়ক অবরোধ বরে শিক্ষার্থীদের বিক্ষোভ। রোববার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাচারি বাজার মোড়ে। ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক ইউসুফ আলীর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রীর সহপাঠীরা। তারা এই দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

Advertisement

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কাকিনা কাচারি বাজার মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।

প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কাকিনা মহিমারঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী যোগ দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ধর্ষকের ফাঁসির দাবি’, ‘প্রশাসনের জবাবদিহিতা’ ও ‘ধর্ষণমুক্ত সমাজের’ দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সমাবেশে বক্তারা জানান, তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার ইউসুফ আলী পেশায় ক্লিনিক পরিচালক হলেও আড়ালে নানা অপকর্মে জড়িত। গত ২০ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে গুরুতর অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, ২১ আগস্ট থানায় মামলা হলেও প্রভাব ও অর্থবিত্তের জোরে আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে। অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সমগ্র জেলাজুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।