বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

ভোলার সদর উপজেলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আসিফ (২৫)। তিনি রাজাপুর এলাকার মো. দলু মিয়া ও হালিমা বেগমের ছেলে। আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজার (৫০) রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে শনিবার সন্ধ্যায় আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে আসিফের বিরুদ্ধে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন আসিফকে ধরে গণপিটুনি দেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।
এদিকে হামলায় গুরুতর আহত হোসেন ম্যানেজার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ আসিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। নিহত আসিফের পরিবার মামলা করলে তদন্ত করে দেখা হবে।

