বগুড়ায় আইনজীবী সমিতির নতুন ভবন ও ই-বেইলবন্ড উদ্বোধন প্রধানমন্ত্রীর

বগুড়া পৌঁছেই জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন ও জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে প্রবেশ করে। এরপর তিনি সার্কিট হাউস থেকে হেঁটেই বের হন তিনি। এ সময় বাইরে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। অনেকেই তার সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন। কেউ কেউ ফুল ছিটিয়ে তাকে বরণ করেন। প্রায় পাঁচ মিনিট হেঁটে তিনি বগুড়া জেলা আদালত চত্বরে পৌঁছেন।
প্রায় পাঁচ মিনিটের এই পথ তিনি হেঁটেই অতিক্রম করে বগুড়া জেলা আদালত চত্বরে পৌঁছেন। সেখানে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ সকাল সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন। বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এ ছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী সফরসূচি থেকে জানা যায়, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন। বিকাল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।