শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিল চাচার হাতুড়িপেটায় হাত ভাঙা বিথী

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাচার হাতুড়ির আঘাতে ডান হাত ভেঙে যাওয়া এসএসসি পরীক্ষার্থী বিথী আক্তার অবশেষে প্রশাসনের সহযোগিতায় পরীক্ষায় অংশ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের বিশেষ উদ্যোগে একজন শ্রুতিলেখকের সহায়তায় সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে বিথীর ওপর হামলা চালায় তার আপন চাচা। হামলায় বিথীর ডান হাত ভেঙে যায়। ফলে সে স্বাভাবিকভাবে লিখতে অক্ষম হয়ে পড়ে এবং তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। বিথী তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেন ইউএনও আকলিমা আক্তার। তিনি বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে বিশেষ আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারকে শ্রুতিলেখক হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়।
অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় শ্রুতিলেখকের মাধ্যমে অংশ নেয় বিথী। শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নিতে পেরে বিথী ও তার পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ইউএনও আকলিমা আক্তার বলেন, আমরা পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। তার চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যেন তার শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।