logo

হাতকড়া পরে বাবাকে শেষবিদায় জানালেন যুবলীগ নেতা

হাতকড়া পরে বাবাকে শেষবিদায় জানালেন যুবলীগ নেতা

ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগ সভাপতি ইয়াসিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তিনি হাতকড়া পরেই শেষবিদায় জানান বাবাকে।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে কারাগারে নেওয়া হয়।

ইয়াসিন শরীফ মজুমদার পরশুরামের দক্ষিণ কোলাপাড়া এলাকার উপজেলা পরিষদ সড়কের বাসিন্দা রফিকুল ইসলাম মজুমদারের একমাত্র ছেলে। তিনি পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহিপালে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে গত বছরের ২৫ আগস্ট থেকে ফেনী কারাগারে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ইয়াসিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার নিজ বাড়িতে মারা যান। পরিবারের আবেদন পেয়ে জেলা প্রশাসন শরীফকে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি দেয়। মুক্তির পর সোমবার সকালে শরীফকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে পরশুরাম উপজেলার সলিয়া ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন তিনি। এ সময় যুবলীগ নেতার দুই পাশে দুজন পুলিশ সদস্য ছিলেন। একজন পুলিশ সদস্য দড়ি ধরে রেখেছিলেন। আশপাশে আরও কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহিফালে ছাত্র হত্যার ঘটনায় শরীফের বিরুদ্ধে গত বছরের ১৮ আগস্ট করা হত্যা মামলায় ঢাকার থানমন্ডি থেকে গ্রেপ্তার হন। গত বছরের ২৫ আগস্ট থেকে ফেনী কারাগারে আছেন।

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাকারিয়া বলেন, কারাবন্দি ইয়াসিন শরীফ মজুমদারের পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। আইন অনুযায়ী তাকে তিন ঘণ্টার জন্য পেরোলে মুক্তি দেওয়া হয়।