তালা খুলে কার্যালয়ে ঢুকলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

মাদারীপুরের শিবচরে ১৮ মাস পর তালা খুলে দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে প্রবেশ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলার দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একত্রিত হন নেতাকর্মীরা। পরে রাতে তারা শহীদ মিনারে ফুল দেন। ভোরে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে তালা খুলে প্রবেশ করেন।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি মো. আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্লোগান দিতে দিতে তারা দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন।
আওয়ামী লীগের কার্যালয় খোলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, হত্যা মামলার আসামিরা কীভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আমরা চাই, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে কঠোর বিচার করা হোক।
এ বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামকে ফোন করা হলেও তিনি ধরেননি।