logo
Advertisement

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল দুইজনের

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল দুইজনের
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে দুইটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইউনাইটেড পরিবহনের বাসটি কাজিরশিমলা এলাকায় তিন গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে বাসটি ঘটনাস্থলে উল্টে যায়। এ সময় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী মিলিয়ে আহত হন ১০ জন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজন পুরুষকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আল আমিন বলেন, এখন পর্যন্ত দুর্ঘটনায় আহত পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী রয়েছে। তাদেরকে ভর্তি করে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। নিহত দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশোধনী: (শিরোনাম ও প্রতিবেদনে নিহত দুইজনকে অটোরিকশার যাত্রী উল্লেখ করা হয়েছিল। তাৎক্ষণিক তথ্য ও তাদের পরিচয় নিশ্চিত না হওয়ায় সংশোধন করা হয়েছে।)