Advertisement

কুষ্টিয়ায় সাবেক মেয়রের বাড়িতে অভিযান, বাইরে বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
কুষ্টিয়ায় সাবেক মেয়রের বাড়িতে অভিযান, বাইরে বিক্ষোভ
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বাসভবনে দীর্ঘ আড়াই ঘণ্টা অভিযান চালায় পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর বাসভবনে আড়াই ঘণ্টা তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে গভীর রাতের এই অভিযানে কাউকে গ্রেপ্তার ছাড়াই খালি হাতে ফিরে যেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এদিকে পরোয়ানা ছাড়া একজন প্রবীণ জনপ্রতিনিধির বাড়িতে এমন অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে শহরের আড়ুয়াপাড়ায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমামের নেতৃত্বে পুলিশের একটি দল আনোয়ার আলীর বাসভবনে এই অভিযান শুরু করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত চলা এই অভিযানে বাড়িটি পুরো অবরুদ্ধ করে তল্লাশি চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ আনোয়ার আলীর বাড়ি ঘেরাও করার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানে নারী-পুরুষসহ কয়েকশ স্থানীয় বাসিন্দা জড়ো হন। কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন সাবেক মেয়রের বাড়িতে রাতের বেলা এই অভিযানের তীব্র প্রতিবাদ জানান তারা। একপর্যায়ে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে এবং বাড়িতে কাউকে না পেয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আনোয়ার আলী একজন প্রবীণ মানুষ এবং সাবেক জনপ্রতিনিধি। তাকে বা তার পরিবারের কাউকে গ্রেপ্তার করতে হলে আইনি প্রক্রিয়া ও যথাযথ কারণ দেখাতে হবে। মধ্যরাতে পরোয়ানা ছাড়া এমন অভিযান গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কিছু ঝটিকা মিছিল করার ঘটনা ঘটে। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, সাবেক মেয়রের ছেলে পারভেজ আনোয়ার তনুর নেতৃত্বেই এই মিছিলগুলো সংগঠিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার সূত্র ধরেই পুলিশ এই অভিযান পরিচালনা করেছে।

তবে শুক্রবার রাতের এই অভিযান রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি কুষ্টিয়া জেলা পুলিশ। একাধিক চেষ্টা করেও দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা ওই বাড়িতে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়। তবে বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি।